‘পাঁচবার জেলে গেছি, কিন্তু বরাদ্দ পাইনি’-সংসদে স্পিকারের মন্তব্য
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে প্রায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বরাদ্দের অর্থ মসজিদ, কবরস্থান ও ঈদগাহসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও এ ধরনের কোনো বিশেষ বরাদ্দ তিনি কখনো পাননি।
স্পিকার বলেন, প্রায় চার দশকের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য থাকাকালে উন্নয়ন বরাদ্দ হিসেবে কোনো অর্থ পাননি। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক জীবনে তার প্রাপ্তি ছিল একাধিকবার কারাবরণ; তবে এ ধরনের আর্থিক বরাদ্দ পাওয়ার অভিজ্ঞতা তার হয়নি।