সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
রোববার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার বহাল রাখা হয়েছে।
অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের বাজারে নতুন কোনো মূল্য কার্যকর হচ্ছে না। বর্তমানে যে দামে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হচ্ছে, সেপ্টেম্বর মাসেও সেই দামই কার্যকর থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।