দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের উপস্থিতি। এর মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর প্রভাবে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রোববারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।