খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় মণ্ডলকে প্রকাশ্যে কয়েকজন ব্যক্তি জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসায় ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কারা তাকে নিয়ে গিয়েছিল এবং কী কারণে নেওয়া হয়েছিল এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৫ থেকে ৬ জন ব্যক্তি তন্ময় মণ্ডলকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে ওই এলাকার দিকে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হন। এর প্রায় এক ঘণ্টা পর তন্ময় মণ্ডল নিজ কার্যালয়ে ফিরে আসেন। ফিরে এসে তন্ময় মণ্ডল জানান, কয়েকজন অপরিচিত ব্যক্তি দলিল দেখানোর কথা বলে তাকে জেলখানা ঘাটের দিকে নিয়ে যায়। তিনি ওই ব্যক্তিদের কাউকেই চেনেন না বলে জানান।
তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো কথা বলতে রাজি হননি তিনি। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, ঘটনার পর তন্ময় মণ্ডল এখনো কিছুটা ট্রমার মধ্যে রয়েছেন। ফলে তিনি তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এ ঘটনায় জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। তন্ময় মণ্ডলের সঙ্গেও পুলিশের কথা হয়েছে।
পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, কাগজপত্র দেখানোর কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে খুলনা জেলখানা এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি অপহরণ, নাকি অন্য কোনো কারণে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এখনো তা নিশ্চিত নয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রেখেছে।
অরণ্য- 07/10/26