স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশে আইনশৃঙ্খলার অবনতির জন্য সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।
সোমবার দুপুরে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।
তিনি আরও বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী নানা বক্তব্য দিয়ে জবাবদিহি এড়িয়ে গেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
হামলা ও ভাঙচুরে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ করেন। তিনি বলেন, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে শুরু হওয়া এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতা মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দেখা গেছে।
সালমানের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ হলেও প্রশাসন তা ঠেকাতে পারেনি। পরে হামলার দায় বা ভুক্তভোগীর ভূমিকা নিয়ে নানা বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, রাজধানীতে ঘটনা দুটি ঘটায় তা গণমাধ্যমে বেশি এসেছে; তবে তাঁর দাবি, দেশের অন্যান্য এলাকার পরিস্থিতিও একই রকম।
একাধিক বিষয়ে সংবাদ সম্মেলন
এনসিপির আয়োজিত সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধনী কমিটিকে ‘প্রহসনমূলক’ আখ্যা দেওয়া, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এর আগে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
#নাহিদইসলাম #এনসিপি #সালাহউদ্দিনআহমদ #আইনশৃঙ্খলা #রাজনীতি
#NahidIslam #NCP #BangladeshPolitics #LawAndOrder #PoliticalNews