হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ফের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সোমবার সকালে ক্লিনিকের নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের কাজও শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা হামলার পর টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে ফেলেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ডটি পুনরায় স্থাপন করা হয়।
এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে সংস্কারকাজ শুরু করেছেন কর্মীরা। ভাঙচুরের চিহ্ন মেরামতের পাশাপাশি ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তবে হামলার পরও চিকিৎসাসেবা বন্ধ রাখেনি প্রতিষ্ঠানটি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে ক্লিনিক কর্তৃপক্ষ।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনা ও প্রয়োজনীয় সরঞ্জামগুলো দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে। সীমিত পরিসরে হলেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে, যাতে রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন।
#Mirpur #Healthcare #DhakaNews