দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তফসিল ঘোষণা করেন। এ সময় জেলা বণিক সমিতির সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গোপন কক্ষে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সমিতির ১ হাজার ৯২৩ জন ভোটার। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং একই দিন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আপিল আবেদনের নিষ্পত্তির শেষ সময় ৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর দুপুর ৩টা। ওই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচনী প্রচারণা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। এরপর ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনার উপস্থিত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সামনে নির্বাচনী আচরণবিধি পড়ে শোনান। তিনি নির্বাচনের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে প্রার্থী, ভোটার এবং ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
শহরের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন। ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়নে কাজ করবে-এমন একটি পরিচ্ছন্ন নির্বাচিত কমিটি গঠনেরও আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘ বিরতির পর নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মাগুরার ব্যবসায়ী মহলে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।