ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্ত কার্যকর হলে দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ ঘোষণা দেন। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, সম্প্রতি দেশের বাজারে এলপিজির দামও বাড়ানো হয়েছে। গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়।
দাম বাড়ানোর পর এবার ব্যবসায়ীদের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির বাজার ও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নির্ধারিত দুই দিন সারা দেশে গ্যাসের সরবরাহ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।