গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ। বৈঠার ছন্দ, মাঝিমাল্লাদের হাঁকডাক আর সারি গানের সুরে মুখর হয়ে উঠেছিল বাগেরহাটের চিতলমারীর হকক্যানেল নদী। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো দর্শনার্থী।
উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুণী এলাকায় হকক্যানেল নদীতে এ নৌকাবাইচের আয়োজন করে বড়গুণী যুবসংঘ। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ঘোলা, দলুয়াগুণী ও বড়গুণী অংশে দৃষ্টিনন্দন নৌকাগুলো অংশ নেয়।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। বাদ্যের তালে তালে মাঝিমাল্লাদের ছন্দময় বৈঠা চালানো, নৌকার দ্রুতগতির ছুটে চলা এবং ঐতিহ্যবাহী সারি গান দর্শকদের মুগ্ধ করে। নদীর দুই পাড় থেকে করতালি ও উচ্ছ্বাসে প্রতিযোগীদের উৎসাহ দেন দর্শনার্থীরা। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
গ্রামবাংলার প্রাচীন লোকজ সংস্কৃতি ও নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। স্থানীয়দের কাছে নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ ঐতিহ্য, সম্প্রীতি ও মিলনমেলারও অংশ।
বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বিএনপি নেতা মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতা শেষে নৈপুণ্য প্রদর্শনের জন্য ঘোলা এক্সপ্রেস প্রথম স্থান এবং কলিগাতী এক্সপ্রেস দ্বিতীয় স্থান অধিকার করে।
অরণ্য: ১১.১০.২৬