সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ফারুক ওয়াসিফকে আবারও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। নতুন মেয়াদে তিনি আরও এক বছর এই দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, পিআইবি আইন, ২০১৮-এর ৯(২) ধারা অনুসারে ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য পুনরায় মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে নিয়োগের সঙ্গে কিছু শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দায়িত্ব পালনকালে ফারুক ওয়াসিফ অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। একইভাবে সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখার সুযোগও থাকবে না।
তার নিয়োগের অন্যান্য বিষয় ও শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।