দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও ব্যবসায়ীদের ঘিরে একাধিক পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে চলমান তদন্ত আরও বিস্তৃত করার সুপারিশ করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনাকাটায় অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারের ক্ষেত্রেও অগ্রগতির কথা জানিয়েছে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও সংশ্লিষ্ট নথিপত্রের বিষয়ে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সংশ্লিষ্ট সম্পদের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছে কমিশন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কায়কাউসের বিরুদ্ধে অনুসন্ধান আরও বিস্তৃত
দুদকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অভিযোগটি বর্তমানে চলমান ‘আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ সংক্রান্ত অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে বিস্তারিত তদন্তের সুপারিশ করেছে কমিশন।
নাসিমের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক।
কমিশনের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নাসিম ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগকে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে তদন্তাধীন একটি মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের সুপারিশ করা হয়েছে।
ওয়াকিটকি কেনাকাটায় অনিয়মের অভিযোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি কেনাকাটায় রাষ্ট্রীয় অর্থ অপচয় ও বড় ধরনের অনিয়মের অভিযোগও অনুসন্ধানের আওতায় এনেছে দুদক। এরই মধ্যে এ বিষয়ে অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের অভিযোগ, সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকা একটি দেশীয় প্রতিষ্ঠানকে ওয়াকিটকি সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছিল বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েক গুণ বেশি দামে ওয়াকিটকি কেনা হয়েছে এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অনিয়ম করেছেন—এমন অভিযোগও পেয়েছে কমিশন।
এর আগে একই অভিযোগের প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে সম্পদ নিয়ে এফবিআইয়ের প্রতিবেদন
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্ষ্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক নথিপত্রের বিষয়ে আইনি সহায়তা চেয়েছিল দুদক।
মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি—অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (ওআইএ)—কাছে সহযোগিতা চাওয়া হয়। দুদক জানিয়েছে, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রতিবেদন কমিশনের কাছে পাঠিয়েছে।
আইল অব ম্যানেও সম্পদ ফ্রিজ
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও ওয়ান প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে পাঠানো এমএলএআরের কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুদক।
কমিশনের দাবি, আইল অব ম্যান কর্তৃপক্ষ দুদকের পাঠানো আবেদন বাস্তবায়ন করেছে এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখানে থাকা সম্পদ ফ্রিজ বা অবরুদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে।
বিদেশে অর্থ ও সম্পদ পাচারের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতার এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দুদক।