আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পিছিয়েছে
বহুল আলোচিত মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) নতুন তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
এর আগে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৫ আগস্ট) রায়ের দিন ধার্য করেছিলেন। তবে নির্ধারিত দিনে রায় ঘোষণা না করে তা পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়।
এর আগে গত বুধবার একই বেঞ্চে মামলাটির ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের আপিলের ওপর শুনানি শুরু হয়। পরবর্তী সময়ে শুনানি শেষ হলে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
মামলার প্রধান আসামি হিটু শেখ শিশু আছিয়ার বোনের শ্বশুর। ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে মামলার অপর তিন আসামি-আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাঁদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের পর মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত হিটু শেখও উচ্চ আদালতে আপিল করেন। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন মামলার বাদীপক্ষ, আসামিপক্ষ ও সংশ্লিষ্টরা। আগামী ৩১ আগস্ট মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।