ভৈরবে বাসের ধাক্কায় ৬ যানবাহনের সংঘর্ষ, আহত ২৫
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি বাস, দুটি অটোরিকশা, একটি ট্রাক ও একটি মাইক্রোবাসসহ অন্তত ছয়টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মাঝখানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আশপাশের আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দিনেশ (৬৫), ঝর্ণা রাণী (৫০), টিপু (২২) ও রেজিয়া (৭০) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গুরুতর আহত ঝর্ণা রাণীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন মিয়া বলেন, নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
দিগন্ত পরিবহনের এক যাত্রী নাহিদ ইসলাম দাবি করেন, ভৈরব টোলপ্লাজার কাছাকাছি পৌঁছানোর পর বাসটির ব্রেক কাজ করছিল না। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।
আরেক যাত্রী সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষে একটি সিএনজিচালিত অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক গুরুতর আহত হন।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট দুটি বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।