শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে কয়েক দিন ধরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল নানা জল্পনা। ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ায় হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনে ইতি টেনে ছবিটির মুক্তির সময়সূচি নিয়ে নিজেই পরিষ্কার বার্তা দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ। সেখানে এক ভক্ত সরাসরি জানতে চান, ‘কিং’ সিনেমার মুক্তির তারিখ কি পরিবর্তন হচ্ছে?
জবাবে শাহরুখ জানান, মুক্তির সূচিতে কোনো পরিবর্তন হয়নি। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।
টিজার-ট্রেলার নিয়ে অপেক্ষা
মুক্তির তারিখ নিয়ে শাহরুখের বক্তব্যে স্বস্তি ফিরলেও সিনেমাটির প্রচারসামগ্রী নিয়ে এখনো অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ছবিটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হলেও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি অফিশিয়াল টিজার, ট্রেলার কিংবা পোস্টার।
ফলে সিনেমাটির প্রথম ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন শাহরুখভক্তরা। মুক্তির তারিখ নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের অবসান হলেও ‘কিং’-এর প্রচারণা কবে শুরু হবে, এখন সেটিই ভক্তদের বড় কৌতূহল।