এই অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও আজ সাংবাদিকদের বলেন।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে আগামী সপ্তাহে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
পানি সরবরাহে ডেনমার্কের সহায়তা
সচিবালয়ের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি দেশের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ সম্পন্ন করতে ডেনমার্ক আর্থিক সহায়তা দেবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে দেশটি প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে।
এই সহায়তার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি প্রায় ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার। ফলে একসঙ্গে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে না বলে জানান প্রতিমন্ত্রী।
প্রকল্পটির তৃতীয় ধাপ বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে বলে জানান তিনি। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও বৈঠকে জানানো হয়েছে।