ভারত থেকে কাঁচামরিচ আমদানি, প্রথম দিনেই কমল দাম
প্রায় আট মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে কাঁচামরিচ বোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম পুনরায় চালু হয়।
আমদানি শুরুর প্রথম দিনেই এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজারে। সকালে প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ টাকায় বিক্রি হলেও বিকেলের মধ্যে দাম কমে ২৫০ টাকায় নেমে আসে। ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক দিনে আমদানির পরিমাণ বাড়লে বাজারে দাম আরও কমবে।
হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে আমদানি অনুমোদন (আইপি) পাওয়ার পর ৬৯ জন আমদানিকারক প্রায় ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। পণ্যটি দ্রুত বাজারে পৌঁছাতে পচনশীল হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে ।আমদানিকারকদের মতে, পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দেশে প্রবেশ করলে অল্প সময়ের মধ্যেই খুচরা বাজারে প্রতি কেজির দাম ১০০ টাকার নিচে নেমে আসতে পারে।
দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই সরকার আমদানির অনুমতি দিয়েছে। পাশাপাশি এ পণ্যের আমদানির ওপর আরোপিত বিদ্যমান করও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, আমদানিকৃত কাঁচামরিচ বাজারে সরবরাহ বাড়তে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে।