নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি ও অতিরিক্ত তল্লাশিচৌকি বসানোর মধ্যেই শনিবার রাজধানীতে অন্তত চারটি যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি চলন্ত বাস ছিল। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটে।
মহাখালীতে দুটি, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছে একটি, মালিবাগে তিনটি এবং বাবুবাজার সেতুর নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মিন্টো রোডের সরকারি বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে বৈঠক হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দুই শতাধিক তল্লাশিচৌকি স্থাপন করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথ, গুরুত্বপূর্ণ স্থান এবং উড়ালসড়কের আশপাশে এসব চৌকি বসানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপি ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে এবং ৪৭টি মামলা করেছে।
সূত্র: বিবিসি বাংলা