যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে ভোরের আলো ফোটার আগে দেখা গেল মনোমুগ্ধকর এক দৃশ্য। স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বিশাল উজ্জ্বল ‘জেলিফিশ ক্লাউড’ বা জেলিফিশের মতো মেঘ। রকেট থেকে নির্গত গ্যাসের জলীয় বাষ্প ও বরফকণায় সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় তৈরি হয় এই বর্ণিল আলোকচ্ছটা। খবর দ্য গার্ডিয়ানের।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৬টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন-৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সরঞ্জাম ও মালামাল বহন করছিল।
সূর্যোদয়ের প্রায় ৪৮ মিনিট আগে উৎক্ষেপণ হওয়ায় রকেটের নির্গত গ্যাস থেকে তৈরি বরফকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে আকাশে জেলিফিশের মতো আকৃতি তৈরি করে। ভোর ও সন্ধ্যায় রকেট উৎক্ষেপণের সময় এ ধরনের দৃশ্য সাধারণত বেশি স্পষ্ট দেখা যায়।
আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে রকেটটির উত্তর-পূর্বমুখী গতিপথের কারণে জর্জিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা এই দৃশ্য উপভোগ করেন।
স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলিফিশ ক্লাউডের ছবি প্রকাশ করে নাসা। পরে বিভিন্ন রাজ্যের আকাশ পর্যবেক্ষকেরাও নিজেদের তোলা ছবি সেখানে শেয়ার করেন।
আবারও দেখা মিলতে পারে জেলিফিশ ক্লাউডের
যাঁরা মঙ্গলবারের দৃশ্য দেখতে পারেননি, তাঁদের জন্য রয়েছে আরেকটি সম্ভাবনা। আগামী সোমবার (১৯ অক্টোবর) একই স্টেশনের একই উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরেকটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
স্যাটেলাইট স্থাপনের এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে এক ঘণ্টার উৎক্ষেপণ সময়সীমা শুরু হওয়ার কথা। সেদিন সূর্যোদয় হবে সকাল ৭টা ১ মিনিটে। ফলে উৎক্ষেপণ নির্ধারিত সময় অনুযায়ী হলে সূর্য ওঠার আগেই আবারও আকাশে দেখা যেতে পারে এই মনোমুগ্ধকর আলোকচ্ছটা।
#SpaceX #JellyfishCloud #RocketLaunch #ScienceNews #Aronno_News