কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাঁটতে বেরিয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদসংলগ্ন এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়।
নিহত নজরুল ইসলামের বয়স ৬২ বছর। তিনি দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী ঝরনা বেগমের বয়স ৪৮ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে ভোরে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তাঁরা হেঁটে হরিপুর এলাকায় মহাসড়কে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন।
প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাঁদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।