দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন করে এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।
একই সময়ে সবচেয়ে বেশি ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮, খুলনা বিভাগে ২৩০, বরিশাল বিভাগে ১৯৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, রাজশাহী বিভাগে ১৮৪, ময়মনসিংহ বিভাগে ৯৭, রংপুর বিভাগে ৭১ ও সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৪২ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৬৫, চট্টগ্রাম বিভাগে ২৮, বরিশাল বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২২, রংপুর বিভাগে ছয় ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
এক দিনে প্রায় দুই হাজার রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং প্রাণহানির ধারাবাহিকতা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।