শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
সংশ্লিষ্টদের মতে, আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বেশি সময় লাগছে। এতে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতি বাড়ানো এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ভূমিকা রাখে। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ এনসিটির মাধ্যমে সম্পন্ন হয়।
ফলে এনসিটির পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের এই চুক্তিকে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির আগে থেকেই শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ এর বিরোধিতা করে আসছিল।
নতুন চুক্তির ফলে এনসিটির পরিচালনায় কী ধরনের পরিবর্তন আসে এবং এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কতটা কমে এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
অরণ্য- ০৮.১০.২৬