শিশুদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎকে সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে বিশেষ আয়োজন। শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ শিশু তাকে ফুল ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়।
পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী অন্যান্য অতিথির সঙ্গে অনুষ্ঠানে নির্ধারিত আসনে বসেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সুবর্ণজয়ন্তীর বিশেষ এই আয়োজনে শিশুদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ‘শৈশব’ শীর্ষক একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন।
কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন। মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত আধুনিক সোলার প্যানেল ও সাব-স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এবারের কর্মসূচিতে শিশুদের সৃজনশীলতা, অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
#ChildrensRights #BangladeshShishuAcademy #ChildSafety #ChildrensDay2026 #BangladeshNews