ডিজিটাল মাধ্যমে দেশের অগ্রণী সংবাদ প্রকাশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সম্পাদক বিশ্বদীপ দাশ।
রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব দেয়। অন্তর্বর্তী সময়ে তিনি বার্তাকক্ষের সম্পাদকীয় কার্যক্রম পরিচালনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোকাহত পুরো প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে সংবাদমাধ্যমটির কার্যক্রম এগিয়ে নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে বিশ্বদীপ দাশের দীর্ঘদিনের সম্পর্ক। প্রতিষ্ঠানটির নতুন আঙ্গিকে যাত্রার সময় থেকেই তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পান।
ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়াশোনা করেছেন বিশ্বদীপ দাশ। সাংবাদিকতা জীবনের শুরু দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে। পরবর্তী সময়ে তিনি দ্য ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ‘বিডিনিউজ’ যাত্রা শুরু করে। পরের বছর মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসে।
২০০৬ সালের জুলাইয়ে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিডিনিউজকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। একই বছরের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে ২৪ ঘণ্টার সংবাদ পরিবেশনা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এর মধ্য দিয়ে বাংলাদেশে ডিজিটাল সংবাদমাধ্যমের নতুন যুগের সূচনা হয়।
প্রতিষ্ঠার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে বিশ্বদীপ দাশের নেতৃত্বে প্রতিষ্ঠানটির বার্তাকক্ষের সম্পাদকীয় কার্যক্রম পরিচালিত হবে।