কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে কুমিল্লায় জেলা পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে। রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে চালানো অভিযানে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে সাম্প্রতিক সময়ে তিন দফা অভিযানে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হলো।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সরাসরি অভিযানের তদারকি করেন।
পুলিশ জানায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে এমন বিভিন্ন স্থান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
জেলা পুলিশ জানিয়েছে, এর আগে কিশোর গ্যাংবিরোধী পৃথক দুটি অভিযানে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও ৪১৫ জন আটক হওয়ায় তিন দফায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।
#Cumilla #CrimePrevention #PoliceOperation