জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ার অভিযোগে রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত স্টুডিওটিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষোভ ও অভিমান প্রকাশ করে সালমান বলেন, ‘এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্টুডিওর কর্মকর্তাদের অভিযোগ, হামলাকারীরা ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় তারা।
ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদির। তিনি জানান, চাঁদা না দেওয়ার কারণে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছ থেকে শুনেছেন। তবে তার কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি।
সালমান বলেন, চাঁদা চাওয়া হলে সামর্থ্য অনুযায়ী তিনি দেওয়ার বিষয়টি বিবেচনা করতেন। তবে কার কাছে কত টাকা চাওয়া হয়েছিল, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যে কারণেই হোক না কেন, ঘটনা তো ঘটেছে। এটাই বাংলাদেশ।’
বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে সালমান বলেন, নিজের পরিশ্রম ও মনোবল দিয়ে তিনি এত দিন কাজ করে এসেছেন। ভবিষ্যতেও নিজের চেষ্টায় এগিয়ে যেতে চান। তবে তার মতো মনোবল নিয়ে অন্যরা কতটা এগোতে পারবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে সালমান বলেন, মন্ত্রী তার বিভিন্ন ভিডিও দেখেন বলে তিনি জানেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার করণীয় সম্পর্কে তিনি অবগত আছেন বলেও মন্তব্য করেন। তবে মন্ত্রীর প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা অভিযোগ নেই বলে জানান তিনি।
দেশের পরিস্থিতি নিয়ে অভিমান প্রকাশ করে সালমান বলেন, বাংলাদেশে জন্মেছেন, এখানেই বেড়ে উঠেছেন। তবে সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চান। যারা যেতে পারবেন না, তাদের এখানেই থেকে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
রূপক/ 27.09.26