চাঁদপুরের শাহরাস্তি উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
সভায় ইউএনও বলেন, কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
মনিরা খাতুন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মনোযোগ ধরে রাখা এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল এবং শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজলসহ অন্যরা অংশ নেন।
এ ছাড়া ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন ও রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।