অভাব আর সংগ্রামের গল্প শুনলেই আবেগপ্রবণ হয়ে পড়তেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একসময় গরিব ছেলেদের প্রতি তাঁর আলাদা দুর্বলতা ছিল বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশবের স্মৃতি ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী।
নিজের পুরোনো পছন্দের কথা জানিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি এসব শুনলে গলে যেতাম।’
কেন এমন মানুষের প্রতি তাঁর বিশেষ টান অনুভূত হতো, সে বিষয়েও নিজের অভিজ্ঞতার কথা জানান প্রভা। তাঁর ভাষ্য, কারও জীবনের অভাব, কষ্ট ও সংগ্রামের গল্প শুনলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেন। সেই আবেগই একসময় তাঁর ব্যক্তিগত পছন্দকে প্রভাবিত করেছিল।
পডকাস্টে শৈশবের স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় বেশ আহ্লাদী ছিলেন। এমনকি একটা সময় ঠিকভাবে কথাও বলতে পারতেন না।
প্রভা বলেন, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’
শৈশবে আমতা আমতা করে কথা বলার স্মৃতিচারণ করে তিনি জানান, তাঁর কথা অনেক সময় পুরোপুরি বোঝা যেত না। পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়স্বজন এবং বন্ধুদের মা-বাবার কাছ থেকেও প্রচুর আদর পেয়েছেন তিনি।
অভিনেত্রীর মতে, ছোটবেলায় অতিরিক্ত আদর-যত্ন পাওয়ার কারণে তাঁর পরিণতিবোধ তৈরি হতেও কিছুটা সময় লেগেছে। অভিনয়ে আসার পরই স্পষ্টভাবে কথা বলতে শেখেন বলে জানান তিনি।
পর্দায় আগের তুলনায় অনিয়মিত হলেও সিনেমার কাজে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।