দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। তবে দলে রাখা হয়নি সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফকে।
আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দুর্দান্ত ছন্দে থাকা শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার কেমো পল।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল:
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।