জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে এসে রাজধানীর উত্তরায় তাঁর বাসার সামনে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তিনি। এতে বাড়ির সামনের জানালাসহ কয়েকটি স্থানের কাচ ভেঙে যায়।
জি এম কাদের বলেন, মিছিলকারীরা তাঁর নাম ধরে বিভিন্ন স্লোগান দিয়ে বাসার সামনে হইচই শুরু করেন। বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাড়ির বেশ কয়েকটি স্থানের কাচ ভেঙে যায়।
তিনি আরও বলেন, পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান। কেন হঠাৎ তাঁর বাসায় হামলার ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। এ সময় হামলাকারীরা তাঁকে ‘ভারত ও আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কারা এ হামলা চালিয়েছে বা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।