কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন ইধিকা পাল। এবার টালিউডের আরেক শীর্ষ অভিনেতা জিতের বিপরীতে তাঁকে দেখা যেতে পারে বলে খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার।
প্রতিবেদন অনুযায়ী, পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী সিনেমায় জিতের সঙ্গে জুটি বাঁধতে পারেন ইধিকা। এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জিৎ কিংবা ইধিকা—কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা। সিনেমাটিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্তও।
বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি দুই বাংলার দর্শকের নজর কাড়েন।
#IdhikaPal #Jeet #Tollywood