সঞ্চয়পত্রের মুনাফা কিংবা মূল টাকা পাওয়ার ক্ষেত্রে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে দীর্ঘদিন ধরে যে ভোগান্তি তৈরি হতো, তা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। এর মাধ্যমে সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের সমন্বয়ে নতুন এই ব্যবস্থা কার্যকর হচ্ছে। সরকারের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় এভিএস চালু করা হয়েছে।
বর্তমানে সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম (এনএসসি)-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এই সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা প্রায় ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে গ্রাহকদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়।
এতদিন জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা থাকলেও ব্যাংক হিসাব নম্বর যাচাইয়ের সুযোগ ছিল না। ফলে গ্রাহক ভুল হিসাব নম্বর দিলে ইএফটি ফেরত আসত। পরে তথ্য সংশোধন করে পুনরায় অর্থ পাঠানোর প্রয়োজন হতো। এতে একদিকে যেমন বিনিয়োগকারীদের সময় ও ভোগান্তি বাড়ত, অন্যদিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কাজও বেড়ে যেত। ভুল হিসাবের কারণে অর্থ অন্য কারও হিসাবে চলে যাওয়ার আশঙ্কাও থাকত।
নতুন এভিএস ব্যবস্থায় গ্রাহক ব্যাংক হিসাব নম্বর দেওয়ার পরপরই সেটি বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে যাচাই করা হবে। প্রথম ধাপে হিসাবটি সঠিক ও সক্রিয় কি না, তা দেখা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।
ফলে টাকা পাঠানোর আগেই হিসাব নম্বরে ভুল বা তথ্যের অসামঞ্জস্য ধরা পড়বে। এতে ফেরত আসা ইএফটির সংখ্যা কমার পাশাপাশি গ্রাহকের প্রাপ্য অর্থ সঠিক হিসাবধারীর ব্যাংক হিসাবে পাঠানো সহজ হবে।
শুধু নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় নয়, পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন কিংবা সংশোধনের ক্ষেত্রেও এভিএসের মাধ্যমে হিসাব যাচাই করা হবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থা চালুর ফলে ভুল ব্যাংক হিসাবের কারণে অর্থ ফেরত আসার ঝুঁকি কমবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের ভোগান্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত প্রশাসনিক কাজও কমে আসবে।
অর্থ বিভাগের মতে, জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আরও আধুনিক ও নির্ভরযোগ্য করার ক্ষেত্রে এভিএস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সঞ্চয়পত্রের অর্থ পরিশোধে নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকের টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে দ্রুত ও সঠিকভাবে পৌঁছানো সহজ হবে।
রূপক/ অরণ্য নিউজ