ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে পুশ-ইনের চেষ্টা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে সার পাচার ঠেকাতেও সীমান্তবাসীকে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ২৫০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকতে হবে। সীমান্তের ওপারে থাকা আত্মীয়-স্বজনের কাছ থেকে পুশ-ইন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়।
এ সময় বাংলাদেশ থেকে ভারতে সার পাচারের আশঙ্কার বিষয়টিও তুলে ধরা হয়। সার চোরাচালানে কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার তথ্য পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সীমান্ত এলাকায় চলাচল ও অবস্থানের ক্ষেত্রেও স্থানীয়দের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ না করা, শূন্যলাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় অবস্থান না করা এবং শূন্যলাইনের কাছে গবাদিপশু না চরানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
এ ছাড়া মাদক, স্বর্ণ, গরু ও মানবপাচারসহ সব ধরনের চোরাচালান সামাজিকভাবে প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে বলা হয়। ভারতীয় জমি লিজ নিয়ে চাষাবাদ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত অপরাধ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
সভায় স্থানীয় বাসিন্দারা বিজিবির উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে সীমান্তে পুশ-ইন, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার রাত ৯টার দিকে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।