তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী, ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ১০টাতেও পানির প্রবাহ একই মাত্রায় অব্যাহত ছিল। এদিন এলাকায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩২ দশমিক শূন্য মিলিমিটার।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং নদীর পানির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
নদীর পানি আরও বৃদ্ধি পেলে তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।