জনগণের অধিকার ও দাবি আদায়ের কর্মসূচিতে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি বা অবহেলা মেনে নেওয়া হবে না। মানুষের অধিকার ক্ষুণ্ন হলে জনগণও কাউকে ছাড় দেবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থেই ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি। দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকা উচিত নয়। জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির শেষ গন্তব্য চট্টগ্রামের লালদীঘি ময়দান।