ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: সাত ঘণ্টার বৈঠক শেষে পেজেশকিয়ান
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সঙ্গে প্রায় সাত ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সোমবার (১০ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, শারীরিকভাবে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ইরানের প্রেসিডেন্ট জানান, বৈঠকে সর্বোচ্চ নেতা বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের উদ্বেগ ও বিভিন্ন সমস্যার বিষয়ও তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সর্বোচ্চ নেতা স্বাভাবিকভাবে তাঁর কথা শুনেছেন। এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, দেশের চলমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পেজেশকিয়ান ও মোজতবা খামেনির মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় সাত ঘণ্টা ধরে চলে।
পেজেশকিয়ান বলেন, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখাকে বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান ও আবাসনসহ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সংকট মোকাবিলার বিষয়টিও আলোচনায় আসে।
ইরানের প্রেসিডেন্টের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা নিয়ে দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিরতা বিরাজ করছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও ওই অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরবর্তী সময়ে এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর জুনে দুই দেশ সামরিক সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
তবে গত মাসে ওই সমঝোতা ভেস্তে যায়। এর পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চলে। পরে সংঘাত কমাতে আলোচনার উদ্যোগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের ঘোষণা দেন।