ইরানের ব্যাংক মিল্লাতের ইস্তাম্বুল শাখার কার্যক্রমের লাইসেন্স বাতিল করেছে তুরস্ক। দেশটির ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ‘বিডিডিকে’ এ সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তুরস্কের বিজ্ঞপ্তির বরাতে বলা হয়েছে, তেহরানে প্রধান কার্যালয় থাকা ব্যাংক মিল্লাতের তুরস্কের ইস্তাম্বুল কেন্দ্রীয় শাখার কার্যক্রমের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ব্যাংকটির এ শাখায় কোনো নির্দিষ্ট পরিচালনাগত সমস্যা আছে কিনা, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
লাইসেন্স বাতিলের ক্ষেত্রে তুরস্কের ব্যাংকিং আইনের ৭১(বি) ধারা উল্লেখ করেছে বিডিডিকে। ওই ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকলে আমানতকারী ও অংশগ্রহণ তহবিলের গ্রাহকদের অধিকার এবং আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি হলে তার কার্যক্রমের অনুমোদন বাতিল করা যেতে পারে।
ইরানি ব্যাংক মিল্লাতের ইস্তাম্বুল শাখার লাইসেন্স বাতিল করল তুরস্ক
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
তেহরানভিত্তিক ব্যাংক মিল্লাত ইরান সরকারের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বলে ওপেনস্যাংশনের তথ্যভান্ডারে উল্লেখ করা হয়েছে। ব্যাংকটির ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে। একই তথ্যভান্ডার অনুযায়ী, ইরান সরকার ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার।
তুরস্কের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে বিভিন্ন দেশকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে মার্কিন অর্থ মন্ত্রণালয় তুরস্কের একটি ছোট বিনিয়োগ ব্যাংক ও এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়।
মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ ছিল, ওই প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের বাণিজ্যিক কার্যক্রমে সহায়তা করেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে তুরস্ক ও ওমানের সঙ্গে আলোচনার পর দুই দেশ ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।