সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গত রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মির্জা আব্বাসকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও ফিজিওথেরাপি সম্পন্ন করে তিনি দেশে ফিরছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্যে ছিলেন তিনি।
চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে এবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।