মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি কর্মসূচির আওতায় ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের খরচ বহনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী এক বছর পর্যায়ক্রমে পরিবারগুলোর পাশে থাকার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে উদ্যোগটির কথা জানান রাশমিকা। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবার ৪০০টি পরিবারের তিন মাসের বাজার খরচ বহন করা হবে। এতে পরিবারগুলো দৈনন্দিন খাদ্যপণ্যের ব্যয় থেকে কিছুটা স্বস্তি পাবে। পাশাপাশি সাশ্রয় হওয়া অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় ও আর্থিক পরিকল্পনায় কাজে লাগাতে পারবে।
উদ্যোগটি নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, অভিনীত চরিত্র অনেক সময় শিল্পীর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তার আসন্ন সিনেমা ‘রানাবালি’র জয়াম্মা চরিত্রের সঙ্গে নিজের মানসিকতার মিলের কথাও তুলে ধরেন তিনি। মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহ তার আগে থেকেই রয়েছে বলে জানান অভিনেত্রী।
রাশমিকার ভাষ্য, আগে তিনি এ ধরনের উদ্যোগের কথা প্রকাশ্যে আনতেন না। তবে এখন তার মনে হয়েছে, নিজের ভালো কাজের কথা জানালে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন। তার মতে, কাউকে সহায়তা করতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না; ছোট একটি ভালো কাজও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
কর্মজীবনে নানা বাধা, শারীরিক আঘাত, কষ্ট, চোখের জল ও নির্ঘুম রাতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাশমিকা বলেন, মানুষের মুখে হাসি দেখতে পাওয়া তার কাছে অমূল্য।
এদিকে, রাশমিকার এই উদ্যোগের ঘোষণা এসেছে তার অভিনীত আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। বিজয় নামভূমিকায় এবং রাশমিকা জয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন। ১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।