জন্মদিন উপলক্ষে নতুন সাজে ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সাদাকালো আবহে তোলা ছবিগুলোতে স্টাইলিশ পোশাকে কেক হাতে দেখা গেছে তাকে। তবে ছবির সৌন্দর্য ও সাজের পাশাপাশি তার দেওয়া ‘বার্থডে গার্ল’ ক্যাপশন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জন্মদিন উপলক্ষে রোববার রাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার দিবাগত রাত ১২টার পর। বিশেষ এই মুহূর্তে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কেক কাটেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় জয়। তার বার্তায় লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ ভালোবাসার ইমোজি দিয়ে মায়ের প্রতি স্নেহ প্রকাশ করে সে।
জন্মদিনের আগের দিনও একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেখানে নতুন বছরটি হাসি, শিক্ষা ও ভালোবাসায় ভরে ওঠার প্রত্যাশা জানান তিনি। ভিডিওতে তার সাজ ও উপস্থাপনাও নজর কাড়ে।
এদিকে, জন্মদিনের ছবির ক্যাপশনে ‘গার্ল’ শব্দের ব্যবহার নিয়ে মতভেদ দেখা গেছে নেটিজেনদের মধ্যে। কয়েকজনের মতে, অভিনেত্রীর ক্ষেত্রে ‘বার্থডে গার্ল’-এর পরিবর্তে ‘বার্থডে লেডি’ বলা বেশি মানানসই। এ নিয়ে একজন মন্তব্য করেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ পোশাক ও সাজ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করেছেন অনেকে।
তবে এসব আলোচনা ছাপিয়ে অনেক ভক্তই অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নতুন লুকের প্রশংসা করেছেন।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল অপু বিশ্বাসের। নাচ শেখার সূত্র ধরেই অভিনয়জগতে প্রবেশ করেন তিনি। ২০০৫ সালে নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে ঢালিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন অপু বিশ্বাস। জন্মদিনের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া আবারও তার প্রতি দর্শকের আগ্রহের বিষয়টি সামনে এনেছে।