নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজন মিয়া (২২) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া।
নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, কয়েকজন যুবক যাত্রী সেজে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা চালককে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তাঁর গলায় আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রাজনকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। একপর্যায়ে তারাবো এলাকা থেকে ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে।