কুমিল্লার লাকসাম উপজেলা প্রেসক্লাবের পাঁচ সদস্যের কমিটি গঠন নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নির্দেশনায় কমিটি গঠনের বিষয়টি ঘিরে এ আলোচনা চলছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় পাঁচ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নির্দেশে এ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, কমিটিতে মুজিবুর রহমান দুলালকে সভাপতি, মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, তমিজ উদ্দিন আহম্মদ চুন্নুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক এবং এম. এ জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের কারণ হিসেবে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, লাকসামে দীর্ঘদিন ধরে একাধিক প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন থাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে ওঠা, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা এবং প্রকৃত গণমাধ্যমকর্মীদের মান-মর্যাদা রক্ষার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
তবে সংসদ সদস্যের নির্দেশনায় প্রেসক্লাবের কমিটি গঠনের বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
#Journalism #PressClub #BangladeshNews