এক বছরে আনুমানিক সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি। তারপরও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, শাহরুখ খান ও তাঁর পরিবারের আনুমানিক মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১০ হাজার কোটি রুপি।
গত বছরের হিসাবে শাহরুখ ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হিসাবের অঙ্ক কমেছে প্রায় ২০ শতাংশ। তবে সম্পদের এই পরিবর্তন তাঁর অভিনেতাদের তালিকায় অবস্থানে প্রভাব ফেলেনি।
শাহরুখের সম্পদের বড় অংশ শুধু চলচ্চিত্রে অভিনয় থেকে আসেনি। তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে তিনি পরিচালনা করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটি ভিজ্যুয়াল ইফেক্টসের কাজেও যুক্ত।
ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় বিনিয়োগ রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। এর আওতায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। ফলে বিনোদন ও ক্রীড়া—দুই খাতের ব্যবসা তাঁর মোট সম্পদের অন্যতম ভিত্তি।
তবে হুরুনের হিসাবকে সরাসরি হাতে থাকা নগদ অর্থ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন কোম্পানি, বিনিয়োগ, জমি-ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদের আনুমানিক বাজারমূল্য বিবেচনায় নিয়ে এ ধরনের হিসাব করা হয়। তাই সময়ের সঙ্গে একই ব্যক্তির সম্পদের হিসাবেও পরিবর্তন দেখা যেতে পারে। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি উল্লেখ করা হয়েছিল।
২০২৬ সালের তালিকায় অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। গত বছর অমিতাভ ও তাঁর পরিবারের সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।
অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ার ছাড়াও বিভিন্ন বিনিয়োগ, স্থাবর সম্পত্তি ও পারিবারিক সম্পদের হিসাব অমিতাভের মোট সম্পদের সঙ্গে যুক্ত হয়েছে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় সালমানের নাম ছিল না।
চতুর্থ অবস্থানে থাকা হৃতিক রোশনের সম্পদের পরিমাণ আনুমানিক ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে তাঁর সম্পদের হিসাব ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড এইচআরএক্স তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।
তালিকা থেকে বাদ জুহি ও করণ
২০২৫ সালের তালিকার সঙ্গে এবার বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। গত বছর শাহরুখের পর বলিউডের ধনী ব্যক্তিদের তালিকায় ছিলেন জুহি চাওলা ও তাঁর পরিবার। তখন তাঁদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় জুহি চাওলার নাম নেই।
গত বছরের তালিকায় ১ হাজার ৮৮০ কোটি রুপি সম্পদ নিয়ে ছিলেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। এবার তাঁর নামও তালিকায় দেখা যায়নি।
জুহি চাওলার সম্পদের সঙ্গে নাইট রাইডার্স স্পোর্টসের ব্যবসায়িক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। অন্যদিকে করণ জোহরের সম্পদের অন্যতম ভিত্তি ধর্মা প্রোডাকশনস।
হুরুনের এই তালিকায় বলিউডের তারকাদের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও বিনোদন ব্যবসার সঙ্গে যুক্ত ধনী ব্যক্তিদেরও নাম রয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, অভিনয়ের বাইরে প্রযোজনা প্রতিষ্ঠান, ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি, ব্র্যান্ড ও বিভিন্ন বিনিয়োগও তারকাদের সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে অভিনয়ে নতুন কাজ নিয়েও ব্যস্ত শাহরুখ খান। তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি ও জ্যাকি শ্রফ। ছবিটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।