বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে চালু হবে ‘কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’।
বুধবার (২৬ আগস্ট) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন ভিসা সেন্টার চালুর সঙ্গে সাধারণ ভিসা আবেদন ও পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়াতেও পরিবর্তন আসছে।
দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনগুলো এককভাবে নতুন কেন্দ্রের মাধ্যমে গ্রহণ ও পরিচালনা করা হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসাসংক্রান্ত পাসপোর্টের আবেদন গ্রহণ এবং ইস্যু করার কার্যক্রম দূতাবাসেই অব্যাহত থাকবে। নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা নির্ধারণ করা হয়েছে-২ এফ বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।
এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভিসা সেন্টারের কার্যক্রম পরিচালনার সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, ভিসা আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং কখন থেকে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে-এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৃথকভাবে জানানো হবে।
ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুকদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত দূতাবাসের পরবর্তী নির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার দূতাবাস আশা করছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা সংক্রান্ত সেবা আরও সহজ, কার্যকর ও সুশৃঙ্খল হবে।