টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ
দেশের শিল্পখাত নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও তৈরি পোশাক রপ্তানিতে আবারও ইতিবাচক অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানিতে প্রথম স্থান ধরে রেখেছে চীন। তালিকায় বাংলাদেশের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও তুরস্ক।
ডব্লিউটিওর তথ্য বলছে, গত বছরে বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। একই সময়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি ছিল। তবে প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে দ্রুত এগোচ্ছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
এ বিষয়ে অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বৈশ্বিক পোশাক বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। ভিয়েতনামের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এ পরিস্থিতিতে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় অটোমেশন বাড়ানোর পাশাপাশি দক্ষতা, উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করতে হবে।