দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি ও দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের বরণে প্রস্তুত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। আয়োজক ও পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা, ছুটি ও উৎসব মিলিয়ে এবার কুয়াকাটায় পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে।
আগামী ২৩ ও ২৪ অক্টোবর সৈকতে অনুষ্ঠিত হবে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। দীর্ঘ নয় বছর পর বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজন করছে।
কার্নিভালে থাকছে বিচ ম্যারাথন, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ফুড ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, চর বিজয় ভ্রমণ, পুঁথিপাঠ, বাউলগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি স্বাস্থ্য পর্যটন নিয়েও বিশেষ আয়োজন থাকবে।
পর্যটকদের আবাসনের জন্য কুয়াকাটার তিন শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট প্রস্তুত রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৬০০ পরিবারও পর্যটকদের আবাসনের ব্যবস্থা করতে প্রস্তুতি নিয়েছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজের প্রত্যাশা, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কুয়াকাটায় রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটতে পারে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
সমুদ্রসৈকতের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের তালিকায় রয়েছে রাখাইন পল্লি, মিশ্রিপাড়া, গঙ্গামতী ও লেম্বুর বন। পর্যটকদের আগমন বাড়লে রাখাইন মার্কেট, শুঁটকিবাজার, ঝিনুক ও আচার বিক্রেতাদের পাশাপাশি পরিবহনশ্রমিক ও স্থানীয় গাইডদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হোসাইন আমীর বলেন, দুর্গাপূজার দীর্ঘ ছুটির সঙ্গে পর্যটন কার্নিভাল যুক্ত হওয়ায় এবার পর্যটকের সংখ্যা বাড়তে পারে। তবে পর্যটকদের ভালো ভ্রমণ-অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যবসায়ীদের হয়রানিমুক্ত সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
এদিকে, পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে জেলা ও উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, সৈকতসহ পর্যটকদের সমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি থাকবে। পর্যটকেরা যাতে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে।
#Kuakata #TourismCarnival2026 #DurgaPuja #TravelBangladesh #Aronno_News