শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিন বিভাগ সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সফরের প্রথম পর্যায়ে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সফর শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রেস সচিব বলেন, সরকারের নীতি হলো—‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পর দুপুরে রাজশাহীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
পরে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে রাত সোয়া ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতারা।
#TariqueRahman #DurgaPuja #BangladeshNews #MahaNavami #Aronno_News