ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাব বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি কোম্পানির বিরুদ্ধে। নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি পেয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
পোস্টে হাসনাত বলেন, দেশে কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই, বিনিয়োগও নেই। এর বিপরীতে মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বারবার সামনে আসছে। কখনো কোনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাই কিংবা অন্য স্বজনদের নাম আলোচনায় আসছে।
তিনি আরও বলেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার দুপুরের খাবারের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।
হাসনাতের ভাষ্য, জনগণকে সাশ্রয়ী হওয়ার উপদেশ দেওয়া হলেও ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ উঠছে। পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’
#Aronno_News #FamilyCard #CorruptionAllegation #HasnatAbdullah #BangladeshNews