পানির নিরাপত্তা, জলাশয় সংরক্ষণ ও নিরাপদ সাঁতারচর্চা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাঁতার ফেস্ট। এতে নবীন সাঁতারুদের পাশাপাশি অংশ নেন জাতীয় পর্যায়ের সাঁতারু, আয়রনম্যান ও বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারুরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পূর্বাচলের ব্লু লেকে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বিওডব্লিউএস) ও পাহাড় থেকে ডটকমের যৌথ আয়োজনে এ ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ৩১ জন সাঁতারু অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন পাঁচজন ন্যাশনাল সুইমার, দুজন আয়রনম্যান এবং তিনজন বাংলা চ্যানেল ফিনিশার।
আয়োজক খন্দকার শওকত ওসমান বলেন, সাঁতারকে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই তাঁদের লক্ষ্য। পানির নিরাপত্তা, জলাশয় সংরক্ষণ ও সাঁতার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রেস ডিরেক্টর সাইফুল ইসলাম রাসেল বলেন, ওপেন ওয়াটার সুইমিংয়ে প্রতিযোগিতার পাশাপাশি সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নির্দেশনা মেনে সাঁতারচর্চা এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে এ ধরনের উদ্যোগ মানুষকে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিওডব্লিউএসের সভাপতি নাসির আহমেদ সৌরভ বলেন, সাঁতারকে জীবন রক্ষার গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পানিতে মৃত্যু প্রতিরোধ, পানি দূষণ রোধ ও জলাশয় সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের একজন অফিসিয়াল রেফারি দায়িত্ব পালন করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নিরাপদ সাঁতারচর্চায় মানুষের আগ্রহ বাড়বে এবং জলাশয় সংরক্ষণের গুরুত্ব আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
#OpenWaterSwimming #SwimmingFestival #WaterSafety #SaveWaterBodies #Aronno_News