হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাস নন। নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাদের রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, একসময় অনেকে মনে করতেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। কিন্তু তাঁর নির্বাচনি এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাঁরা নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রমাণ করেছেন।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও তুলে ধরেছেন। তাঁদের আপনজন মনে করেই দুর্গাপূজার আনন্দ আরও বাড়াতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১১-দলীয় জোট নির্বাচনে বেহেশতের লোভ দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। বিরোধী দল হিসেবে তাদের যথাযথ দায়িত্ব পালন করা উচিত। তিনি বিরোধী দলকে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, সংসদে গঠনমূলক আলোচনা করা এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
মীর শাহে আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না। জনগণের ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় সরকার। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসব্যবস্থা, যোগাযোগ ও অবকাঠামো, কর্মসংস্থান এবং দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পাঁচ বছর পর আবারও জনগণের কাছে ভোট চাইবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণ ভোট দিলে তাঁরা সরকার গঠন করবেন, আর ভোট না দিলে বিরোধী দলে চলে যাবেন।
#BangladeshPolitics #BNP #DurgaPuja #Bogura #Aronno_News