চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২১ দিনের আন্দোলনের মধ্যে প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে রাউজানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের কার্যালয়ে যান তিনি।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। ফলে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর থেকেই তাঁর ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্যের প্রবেশের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অরণ্য নিউজ: ১২.১০২৬